বন্ধুর হাতে বন্ধু অপহরণ

৬ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫

বন্ধুর হাতে বন্ধু অপহরণ হয়েছে। এসময় ৬ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। ফেনীতে অপহরণের একদিন পর বন্ধুর ভাড়া বাসা থেকে মো. রায়হান রানা (২২) নামে এক যুবককে উদ্ধার করেছে দাগনভূঞা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (৩ জুলাই) রাতে দাগনভূঞা পৌরসভার সাতবাড়িয়া জামে মসজিদ এলাকার লাতু মিয়ার কলোনী থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অপহৃত যুবকের পিতা মো. বেলাল বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।

অপহৃত যুবক মো. রায়হান রানা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর কলাকোপা গ্রামের মো. বেলালের ছেলে। তিনি চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে কাজ করেন।

গ্রেপ্তারকৃত ৫ আসামি হলেন- জাহিদুল ইসলাম পিন্টু (৩৪), ফখরুল ইসলাম (৩৩), আল জাবের (২৫), আজমীর হোসেন হৃদয় (২৬) ও টিটু দাশ (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে গত মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে রামগতি থেকে চট্টগ্রামের কর্মস্থলে যোগ দিতে গাড়িতে ওঠেন মো. রায়হান। যাত্রাপথে রায়হান মুঠোফোনে ফেনীর দাগনভূঞার বাসিন্দা বন্ধু বুদ্দির সাথে চট্টগ্রামে যাওয়ার ব্যাপারে কথা বলেন। বন্ধু বুদ্দি তাকে দাগনভূঞা নেমে ভাত খাওয়ার দাওয়াত দেন। কথামতো দুপুর ১টায় রায়হান দাগনভূঞা বড় মসজিদের সামনে বাস থেকে নেমে বুদ্দির সাথে দেখা করেন। পরে বুদ্দি তাকে ভাত খাওয়ানোর জন্য সাতবাড়ি মসজিদের বিপরীতে নিজের ভাড়া বাসায়  নিয়ে একটি কক্ষে তাকে আটকে ফেলেন। সেখানে আগে থেকে উপস্থিত বুদ্দির অপরাপর সহযোগীরা রায়হানকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার নিকটাত্মীয় বিবি শাহেনাজের নম্বর নিয়ে চক্রের সদস্য ফখরুল (গ্রেপ্তারকৃত) নিজের মুঠোফোন থেকে কল করে রায়হানের পিতা মো. বেলালের সঙ্গে কথা বলেন ও ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা নিয়ে রায়হানের পিতাকে দাগনভূঞা জিরো পয়েন্টে আসতে বলেন ফখরুল।

পরদিন (৩ জুলাই) বিকেল ৫টার দিকে অপহরণকারীদের কথামতো বেলাল হোসেন ও শাহেনাজ দাগনভূঞার জিরো পয়েন্টে এসে পৌঁছান। এসময় ওই এলাকায় টহলরত দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মো. আলমগীরকে দেখতে পেয়ে তার কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে সহযোগিতা চান তারা। এরপর ওই পুলিশ সদস্যের বিচক্ষণতায় রায়হানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, বেলাল হোসেন ও শাহনাজ বিস্তারিত বলার পর তাদের অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে বলে নিরাপদ দুরত্বে অবস্থান নেই। এসময় অপহরণকারী চক্রের সদস্য (গ্রেপ্তারকৃত) আল জাবের মুক্তিপণের টাকা নিতে আসলে তাকে আটক করে তার বর্ণনা মতে পৌরসভার সাতবাড়িয়া জামে মসজিদ এলাকার লাতু মিয়ার কলোনীর টিনসেড বাসা থেকে অপহৃত রায়হান রানাকে উদ্ধার ও অপহরণে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়। 

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, গ্রেপ্তার ৫ আসামিকে আজ দুপরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহৃত যুবকের পিতা বেলাল হোসেন বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে একটি অপহরণের মামলা দায়ের করেছেন। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ফেনী প্রতিনিধি : ০৪ জুলাই, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *