
ফেনীর পরশুরাম সীমান্তে দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বিজিবি। ১০ জুলাই বুধবার দিবাগত রাতে উপজেলার উত্তর বাউর পাথর গ্রাম থেকে শাড়ি ও লেহেঙ্গাগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর মজুমদারহাট ও পরশুরাম বিওপির দুইটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২১৬১/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে পরশুরাম উপজেলার উত্তর বাউর পাথর গ্রামের জনৈক মো. নুর প্রকাশ মোহাম্মদ দীন (৪৫) এর বাড়ী তল্লাশী করে ৩ হাজার ৯১৯ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে। শাড়ি জব্দকালে বাড়িতে কোন লোক উপস্থিত ছিল না। বাড়ির নিকটবর্তী এলাকায় তল্লাশী চালিয়ে বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় আরও ৯পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও লেহেঙ্গার মূল্য ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা।
ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ী ও লেহেঙ্গা কাস্টমসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনী প্রতিনিধি