ফেনীতে পিএইচপি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

ফেনীর ছাগলনাইয়ায় পিএইচপি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াদ গাছু (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জ এলাকাস্থ পিএইচপি কারখানায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শিংগা গ্রামের মো. নয়ন গাছুর বড় ছেলে। তিনি পিএইচপি স্টিল মিলে গত কিছুদিন নির্মাণ শ্রমিকের কাজ করছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিয়াদ পিএইচপি স্টিল মিলের  নির্মাণাধীন একটি ভবনের কাজ করছিলেন। এসময় তিনি পাম্পের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিএইচপি মিলের হিসাব বিভাগের কর্মকর্তা নুরুল আমিন বলেন, কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। কোম্পানির সাথে কথা বলে আমরা রিয়াদের পরিবারকে সহযোগিতা করবো।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, বিদ্যুৎ দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের নিহতের বিষয়টি শুনেছি। এবিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *