ফেনীর মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ‘তারেক রহমান’

মুহুরী রিপোর্ট :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘সকল ভেদাভেদ ভুলে যে মূল্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের বিকল্প নেই। দল ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগের প্রয়োজন ঐক্য। ঐক্যবদ্ধ জাতি সুসংগঠিত। বিএনপির নেতাকর্মীরা সবসময় ধৈর্যের পরিচয় বহন করে থাকেন। ফেনী-২ (সদর) ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করেছে বিএনপি। রবিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সদর আসনে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষন সম্পাদক রেহানা আক্তার রানু, সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি ও দাগনভূঞা উপজেলা আহবায়ক আকবর হোসেন সভায় অংশ নেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেন, কোন কোন আসনে দলের প্রার্থী থাকবে। কোথাও কোথাও জোটের প্রার্থীকে ছেড়ে দেয়া হবে। সব স্তরে খোঁজখবর নেয়া হয়ে গেছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন কঠিন হবে। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে জয়ী করার নির্দেশনা দেন তিনি। এছাড়া দলের পরবর্তী কর্মপন্থা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ইতিপূর্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা নেতাদের বৈঠক হয়েছে। সেসব বৈঠকে বিএনপির তৃণমূল থেকে প্রার্থী দিতে তৃণমূল নেতারা ঐক্যমত হয়ে জোর দাবী জানিয়েছেন। ইতিমধ্যে তৃণমূলের বার্তাটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছেছে। আশা করি তিনি সুবিবেচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *